Powered by Blogger.
 
Tuesday, April 30, 2013

সি প্রোগ্রামিং এ হাতেখড়ি [পর্ব ২] :: প্রথম প্রোগ্রাম

0 comments
গত পর্বে আপনারা সি প্রোগ্রাম সম্পর্কে জেনেছেন। আজ আমরা আমাদের জীবনের প্রথম প্রোগ্রাম লিখব। আশা করি সবাই খুব এক্সাইটেড হয়ে আছেন। গত পর্বেই আমরা কোড ব্লকস আইডিই সেটাপ করেছিলাম। আজ আমরা কোড ব্লকস চালু করে প্রোগ্রাম লিখবো। চলুন শুরু করা যাক।

প্রথমেই কোড ব্লকস চালু করেন। কোড ব্লকসের একটি শর্টকাট ডেস্কটপে পাবেন। ওখান থেকে ওপেন করতে পারবেন। অথবা Start > All Programs > Code Blocks এও পাবেন। Code::Blocks চালু করলে নিচের মতো দেখতে পারবেন।

এবার আমরা নতুন একটি ফাইল তৈরী করবো। নতুন ফাইল তৈরী করার জন্য File মেনু থেকে New সাবমেনু থেকে Empty File এ ক্লিক করুন। (শর্টকাটঃ CTRL + SHIFT + N চাপলে নতুন ফাইল তৈরী হয়ে যাবে।

নতুন ফাইল তৈরী হলে আপনি নিচের মতো একটি টেক্সট এডিটর দেখতে পারবেন।

এখানেই আমরা আমাদের প্রোগ্রামিং এর কোডগুলো লিখবো। প্রোগ্রামিং কোডকে প্রোগ্রামাররা সোর্স কোড বলতেই বেশি পছন্দ করে। তবে কোড লেখার আগে আমরা আমাদের ফাইলটি সেভ করে নিবো। এজন্য File মেনু থেকে Save এ ক্লিক করুন অথবা কীবোর্ড থেকে CTRL + S চাপুন। তাহলে আপনি নিচের মতো Save File উইন্ডো দেখতে পারবেন।

এখানে আমারা আমাদের ফাইলটিকে first_program নামে সেভ করতে চাই। এজন্য first_program.c লিখে সেভ করুন। লক্ষ্য করুনঃ first_program এর পর একটি .c দিতে ভুলবেন না। এখানে .c হলো সি ফাইলের এক্সটেনশন।
আমাদের ফাইল তৈরী ও সেভ করা শেষ। এখন আমরা আমাদের প্রোগ্রাম লেখা শুরু করবো। আপনি কি প্রস্তুত? প্রস্তুত হলে চলুন নিচের কোডগুলো লেখা শুরু করি।

#include <stdio.h>

int main()
{
    printf("Hello World!");
    return 0;
}

আশা করি আপনি ঠিকভাবে উপরের কোডগুলো লিখে ফেলেছেন। আপনার কোড লেখাটুকু ঠিক এরকম হবেঃ

এবার চলুন আমরা প্রোগ্রামটি কম্পাইল করে রান করি। প্রোগ্রাম কম্পাইল করার জন্য Build মেনু থেকে Compile Current File এ ক্লিক করুন।

 আপনার প্রোগ্রামে যদি কোন প্রকার ভুল না থেকে থাকে তাহলে আপনি নিচের ছবির মতো আপনার স্ক্রীনের নিচের দিকে 0 Errors, 0 Warning লেখা দেখতে পারবেন।

এবার আমরা প্রোগ্রামটি রান করবো। এজন্য পুনরায় Build মেনু থেকে Run এ ক্লিক করুন। তাহলে আপনি নিচের মতো কালো একটা স্ক্রীন দেখতে পারবেন।

দেখুন এই কালো স্ক্রীনে Hello World. লেখাটি দেখা যাচ্ছে। তার মানে আমাদের প্রথম প্রোগ্রাম সফলভাবে রান হয়েছে। Congratulations! আপনি আপনার জীবনের প্রথম প্রগ্রাম সফলভাবে লিখে কম্পাইল করে রান করেছেন। এজন্য এখনই এলাকায় মিষ্টি বিতরণ শুরু করে দিন। আর হ্যাঁ আমার জন্যেও কিছু মিষ্টি ইমেইল করে পাঠিয়ে দিন। ;-) এই যে কালো উইন্ডোটিতে Hello World. লেখা ভেসে উঠেছে একে বলা হয় কনসোল উইন্ডো। আর আমরা সি তে যে প্রোগ্রামগুলো করি সেগুলোকে সাধারনত কনসোল প্রোগ্রামিং বলে। এবারে চলুন জেনে নিই আমরা এই প্রোগ্রামে আসলে কি করলাম এবং কেনোই বা করলাম।


প্রোগ্রামের শুরুতেই দেখুন আমি লিখেছি #include <stdio.h> এখানে stdio.h কে বলা হয় হেডার ফাইল এবং .h হলো হেডার ফাইলের এক্সটেনশন। আমাদের প্রতিটি সি প্রোগ্রামের শুরুতেই এই ফাইলটি include করে দিতে হবে। কেনো দিতে হবে তা একটু পরে বলছি।

এরপরের লাইন আমি ফাঁকা দিয়েছি। এর পরেই লিখেছি int main() এটি হলো প্রোগ্রামের একটি ফাংশন। একে বলা হয় main ফাংশন। ফাংশন হলো প্রোগ্রামের অংশবিশেষ। প্রতিটি প্রোগ্রামে অবশ্যই একটি ফাংশন থাকতেই হবে আর এটি হলো মেইন ফাংশন। main() এর পূর্বে যে int লিখেছি তার মানে হলো ফাংশনের রিটার্ন টাইপ হলো ইন্টিজার বা পূর্ণসংখ্যা। এই রিটার্ন টাইপ নিয়ে এখন আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এই রিটার্ন টাইপ সম্পর্কে আমরা পরবর্তীতে ফাংশন শেখার সময় শিখবো।

এরপরের লাইনে আমি সেকেন্ড ব্রাকেট দিয়েছি। এটাকে Curly Brace বলা হয়। যেকোনো ফাংশন এর ভিতরের কোড একজোড়া Curly Brace এর মাঝে থাকে।

এরপরের লাইনে দেখুন চারটি স্পেস পর লেখা হয়েছে printf("Hello World"); । এখানে printf() হলো সি এর একটি বিল্ট ইন ফাংশন। এখানে parentheses বা first bracket এর মধ্যে Double Quotation চিহ্ণের মধ্যে যে লেখা লিখবো সেই লেখাটাই স্ক্রিনে প্রিন্ট হবে অর্থাৎ আমরা কনসোল উইন্ডোতে দেখতে পারবো। এই যে printf এর ভিতর যা লেখা হয় তাই স্ক্রিনে প্রিন্ট করে এই কোডটুকু আগেই লেখা হয়েছে। আর এই কোডটুকু লেখা আছে stdio.h নামক ফাইলে তাই শুরুতেই কেনো এই ফাইলটু ইনক্লুড করে দিয়েছে তা বুঝেছেন তো?
printf() এর পর একটি সেমিকোলন দেওয়া আছে। সি তে প্রতিটি স্টেটমেন্ট এর পর একটি সেমিকোলন দিতে হয়।

এরপরের লাইনে দেখুন লিখেছি return 0; এর মানে হলো এই প্রোগ্রাম কাজ শেষে 0 রিটার্ন করবে। এটা নিয়েও আপনাকে এখন চিন্তা করতে হবে না। আমরা ফাংশন সম্পর্কে বিস্তারিত জানার সময় return সম্পর্কে জানবো। মূলত main ফাংশনে return 0 কে exit statement হিসেবে ধরা হয়।

এরপরে আমরা আমাদের curly brace শেষ করার মাধ্যমে প্রোগ্রাম শেষ করেছি।

লক্ষ্যনীয় বিষয়ঃ

  • সি কে বলা হয় strongly typed language. তাই এখানে বড় হাতের ও ছোট হাতের লেখাকে আলাদা হিসেবে গন্য করা হয়।
  • প্রতিটি স্টেটমেন্টের শেষে কখনওই সেমিকোলন দিতে ভুলে যাবেন না। সেমিকোলন দিতে ভুলে গেলে আপনার কম্পাইলার নিচের মতো এরর দেখাবে।



Leave a Reply

 
প্রোগ্রামিং দুনিয়া © 2013,All Rights Reserved.